কেন কর্মী ছাঁটাই করবেন অভিনেত্রী রিস উইদারস্পুন?

জাতীয় অর্থনীতি বিনোদন: হলিউড অভিনেত্রী রিস উইদারস্পুন তার মিডিয়া কোম্পানি ‘হ্যালো সানশাইন’-এর শতভাগ শেয়ার পুনরায় কিনে নেওয়ার কিছুদিন পরেই বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছেন। খরচ কমাতে এবং প্রতিষ্ঠানের কার্যক্রম পুনর্গঠন করতে তার এই প্রযোজনা সংস্থাকে প্রায় ৫০ শতাংশ ছোট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিবেদনে জানা গেছে, কোম্পানিটির বর্তমান আকার ও কর্মীবাহিনী অর্ধেকে নামিয়ে আনতে প্রায় ৩০ জন কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। এর আগে ২০২১ সালে কোম্পানিটি প্রায় ৯০ কোটি ডলারে বিক্রি করা হয়েছিল। তবে সম্প্রতি মিডিয়া কনগ্লোমারেট ‘মিডিয়াওয়ান’-এর সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলার মাধ্যমে মাত্র এক বছর আগের তুলনায় বেশ কম মূল্যে নিজের প্রতিষ্ঠানটির শতভাগ মালিকানা ফিরে পান এই অস্কারজয়ী অভিনেত্রী।

মালিকানা ফিরে পাওয়ার পর এখন থেকে কোম্পানিটির মূল কার্যক্রম সিনেমা, টেলিভিশন প্রজেক্ট এবং জনপ্রিয় ‘রিস বুক ক্লাব’-এর প্রচারণার মধ্যেই সীমাবদ্ধ রাখা হবে বলে জানানো হয়েছে। এর আগে ক্যান্ডেল মিডিয়ার অধীনে পরিচালিত হওয়ার সময় বিগত দুই বছরে প্রতিষ্ঠানটিতে একাধিকবার কর্মী ছাঁটাইয়ের ঘটনা ঘটেছিল।

জা. অর্থনীতি/এআর