গাজায় ইসরায়েলি হামলায় ৫ পুলিশসহ নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর পৃথক দুটি হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজনই পুলিশ সদস্য। স্থানীয় চিকিৎসক এবং হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে রোববার (১ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। চিকিৎসকেরা জানিয়েছেন, উপত্যকার গাজা সিটিতে পরিচালিত ইসরায়েলি বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন। এর পাশাপাশি দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের পশ্চিমাংশে পরিচালিত অপর এক হামলায় পাঁচ পুলিশ সদস্য নিহত হন।

খান ইউনিসের হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, কয়েকজন সশস্ত্র যোদ্ধাকে লক্ষ্য করে তারা এই অভিযান চালিয়েছে; তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি তারা। এছাড়া গাজা সিটির হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েল। তেল আবিবের অভিযোগ, এক বছর আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হামাস নতুন করে অস্ত্র সংগ্রহ করছে এবং হামলার ছক আঁকছে, যার কারণে হামাসের অবস্থান লক্ষ্য করে তারা অভিযান জোরদার করেছে। তবে হামাস এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেছে, তারা কোনো ধরনের অস্ত্রভান্ডার পুনর্গঠন বা হামলার চেষ্টা করছে না, বরং ইসরায়েল নিজেই গাজার শান্তিচুক্তি বাস্তবায়নে বিঘ্ন ঘটাচ্ছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বছর স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিতে যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত থাকলেও হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্তে কোনো সুরাহা না হওয়ায় পুনর্গঠন কাজ বর্তমানে স্থবির হয়ে আছে। ভৌগোলিকভাবে বর্তমানে গাজার প্রায় দুই-তৃতীয়াংশ ভূখণ্ড ইসরায়েলি বাহিনীর সরাসরি নিয়ন্ত্রণে রয়েছে এবং এসব এলাকা থেকে সাধারণ বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে উপত্যকার অবশিষ্ট মাত্র এক-তৃতীয়াংশ এলাকায় ২০ লাখেরও বেশি ফিলিস্তিনি মানবেতরভাবে ক্ষতিগ্রস্ত ভবন ও অস্থায়ী তাঁবুতে বসবাস করছেন, যে এলাকাটি কার্যত এখনো হামাসের নিয়ন্ত্রণে রয়েছে।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের পরিসংখ্যান অনুযায়ী, যুদ্ধবিরতি চুক্তিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৫০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন; বিপরীতে একই সময়ে নিজেদের চার সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। মূলত ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় এই সর্বাত্মক ইসরায়েলি সামরিক অভিযান শুরু হয়, যে হামলায় ইসরায়েলে প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হয়েছিলেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্যমতে, দীর্ঘমেয়াদি এই আগ্রাসনে গাজায় এ পর্যন্ত ৭৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
জেএ/অভি