প্রযুক্তি ডেস্ক: চীনা প্রযুক্তি জায়ান্ট শাওমি গত অক্টোবরে ৫০ হাজারেরও বেশি বৈদ্যুতিক গাড়ি (ইভি) ক্রেতাদের কাছে হস্তান্তর করেছে। এটি ২০২৬ সালের মধ্যে একক কোনো মাসে প্রতিষ্ঠানটির সর্বোচ্চ গাড়ি সরবরাহের রেকর্ড। বার্ষিক নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে কারখানায় উৎপাদন সক্ষমতা কয়েক গুণ বৃদ্ধি করার পরই এই সাফল্য নিশ্চিত হলো।
রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৬ সালের প্রথম ১০ মাসে (জানুয়ারি থেকে অক্টোবর) শাওমি মোট ৩ লাখ ৩৬ হাজারেরও বেশি বৈদ্যুতিক গাড়ি বাজারজাত ও গ্রাহকদের কাছে হস্তান্তর করতে সক্ষম হয়েছে। বছরের মাঝামাঝি সময়ে উৎপাদনে গতি কিছুটা কম থাকলেও শেষ দিকে ধারাবাহিকভাবে বিক্রি ঊর্ধ্বমুখী ছিল।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বছরের আগস্ট মাসে শাওমির গাড়ি সরবরাহের পরিমাণ ছিল ৩০ হাজারের বেশি এবং সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়ায় প্রায় ৪০ হাজারে। অক্টোবর মাসে ৫০ হাজার ছাড়িয়ে যাওয়ার মাধ্যমে বছরের পূর্ববর্তী সব রেকর্ড ভেঙে সর্বচ্চো বিক্রির মাইলফলক স্পর্শ করেছে চীনা এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
২০২৬ সালে বিশ্বজুড়ে সাড়ে ৫ লাখ (৫,৫০,০০০) বৈদ্যুতিক গাড়ি সরবরাহের বিশাল লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে শাওমি। প্রথম ১০ মাসের মোট হস্তান্তর হিসাব করলে দেখা যায়, কোম্পানিটি এরই মধ্যে তাদের বার্ষিক মূল লক্ষ্যমাত্রার প্রায় ৬১ শতাংশ অর্জন করে ফেলেছে। বছরের বাকি দুই মাসে অবশিষ্ট বিক্রির লক্ষ্য পূরণ করতে কারখানায় উৎপাদন কার্যক্রম আরও বাড়ানো হচ্ছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্টরা।
চীনা ইভি বাজারের তীব্র প্রতিযোগিতার মধ্যে শাওমির প্রতিষ্ঠাতা ও সিইও লেই জুন চলতি বছরের শুরুতে তাদের প্রধান মডেলের পাশাপাশি নতুন প্রজন্মের এসইউ৭ ইলেকট্রিক সেডান বাজারজাতকরণের আনুষ্ঠানিক ঘোষণা দেন। আধুনিক ডিজাইন, উন্নত ব্যাটারি এবং সাশ্রয়ী দামের কারণে বাজারে আনার পর থেকেই শাওমির ইভি গাড়িগুলোর চাহিদা আন্তর্জাতিক বাজারে ব্যাপক সাড়া তৈরি করে।
ইলেকট্রনিক পণ্য ও স্মার্টফোন উৎপাদন ক্ষেত্র থেকে স্বয়ংচালিত প্রযুক্তি ও অটোমোবাইল বাজারে পা রাখা শাওমির জন্য এটি অন্যতম বড় সাফল্য হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকরা। বিশ্বব্যাপী প্রচলিত ট্রেডিশনাল অটোমোবাইল নির্মাতা কোম্পানিগুলোকে পেছনে ফেলে মাত্র কয়েক বছরের মাথায় বৈদ্যুতিক গাড়ির বাজারে শাওমির এই দ্রুত অগ্রগতি বিশ্ব প্রযুক্তিবাজারে বড় ধরনের তোলপাড় সৃষ্টি করেছে।
