অনলাইন ডেস্ক: ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিক আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২ নভেম্বর) সকালেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন শ্রমিকেরা। এতে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
সকালে গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নূরুল করিম ভূঁইয়া ১০ প্লাটুন বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শিল্পাঞ্চলে চলমান শ্রমিক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের নেতৃত্ব দিচ্ছেন।
জেলা প্রশাসক আরও বলেন, আন্দোলনের নামে রাষ্ট্রীয় সম্পদ কিংবা সাধারণ মানুষের জানমালের ক্ষতি হতে দেওয়া হবে না। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
অন্যদিকে, গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের এসপি আমজাদ হোসেন জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে প্রায় দেড় হাজার শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থান নেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বেতন বাড়ানোর দাবিতে কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করছেন। রবিবার বিক্ষোভের একপর্যায়ে পুলিশ বক্স, কারখানার গুদাম ও পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। আটক করা হয় কয়েকজনকে। পরিস্থিতির কারণে গাজীপুর ও সাভারের ২৭৭টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
জা.অর্থনীতি/এসআই
