সীমান্তের ওপারের ইশারায় দেশকে অস্থিতিশীলের চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় অর্থনীতি অনলাইন: শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তাদের কঠোর হস্তে দমন করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, শ্রমিক আন্দোলনের নামে অনেকেই ভিন্ন এজেন্ডা বাস্তবায়নে সীমান্তের ওপারের ইশারায় দেশকে অস্থিতিশীল করতে চাইছেন।

সোমবার (২ নভেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে গার্মেন্টস মালিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাস্তায় আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা চলছে। যারা শ্রমিকদের আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে বা আইনের বাইরে গিয়ে কোনো কার্যক্রম চালাবে তাদের স্পষ্ট করে বলে দিতে চাই, তাদের ‌‘কঠোর হস্তে দমন করা হবে’।

তিনি বলেন, কিছু পতিত শক্তির দোসর এখানে আছে। এই কয়েকদিন যারা অস্থিতিশীল করার চেষ্টা চলেছে সেখানে কোনো শ্রমিক ভাইবোন ছিলেন না। ভিন্ন এজেন্ডা বাস্তবায়নে সীমান্তের ওপারের ইশারায় অনেকেই দেশকে অস্থিতিশীল করতে চাইছেন।

তিনি বলেন, বর্তমান সরকার কোনো শিল্প কারখানা বন্ধ করতে চায় না। কারণ এর সঙ্গে অনেক শ্রমিকের রুটি-রুজি জড়িত।
 
—জা. অর্থনীতি/এএইচএ