জাতীয় অর্থনীতি স্পোর্টস: সাইবার হামলার শিকার হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। গত ১ নভেম্বর রাতে অ্যাকাউন্টটি হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর থেকেই সেখান থেকে বিভিন্ন ক্ষতিকর বার্তা পাঠানো হচ্ছে।
বিসিবি সূত্রে জানা গেছে, হ্যাকাররা নিয়ন্ত্রণ নেওয়ার পর বোর্ডের খেলোয়াড়, কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে অবৈধ ক্রিপ্টোকারেন্সি, বেটিং সাইট এবং ফিশিং লিংকের মতো অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ বার্তা পাঠাচ্ছেন। এই সাইবার হামলার পর তাৎক্ষণিকভাবে জরুরি সতর্কতা জারি করেছে বিসিবি। বোর্ডের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আসা কোনো লিংকে যেন কেউ প্রবেশ বা ক্লিক না করেন।
পাশাপাশি এ ধরনের বার্তা সম্পূর্ণ এড়িয়ে চলার এবং লিংকের মাধ্যমে কোনো ধরনের ব্যক্তিগত তথ্য বা পাসওয়ার্ড শেয়ার না করার অনুরোধ জানিয়েছে বোর্ড। এদিকে অ্যাকাউন্টটি দ্রুত পুনরুদ্ধার ও এর সার্বিক সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে সংশ্লিষ্ট প্রযুক্তি টিম। অ্যাকাউন্টটি পুরোপুরি সুরক্ষিত হওয়ার পর পরবর্তী আপডেট জানানো হবে বলে জানিয়েছে বিসিবি।
জা. অর্থনীতি/এআর
