চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা
ছবি সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার মুরাদপুর ফরেস্ট গেইট এলাকায় প্রকাশ্যে গুলি করে আজাদ (২৫) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (১ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে এই ঘটনা ঘটে। নিহত আজাদ পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার হাকিম শাহ হুজুরের বাড়ির আব্দুর রশীদের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল বরাত দিয়ে পুলিশ জানান, বিকেলে মুরাদপুর ফরেস্ট গেইট এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা আজাদকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তার সহযোগীরা তাকে উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিএমপির উপ-পুলিশ কমিশনার মো. হাসান মোস্তফা স্বপন জানান, বিকেল সোয়া ৪টার দিকে পুলিশ ঘটনার খবর পায়। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সংশ্লিষ্ট বিষয়ে অনুসন্ধান শুরু করেছে।

তিনি আরও জানান, বর্তমানে ঘটনাটির তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলছে। তবে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে পুলিশ।

—জা. অর্থনীতি/এলএটি