সিসিক প্রশাসকের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ছবি: জাতীয় অর্থনীতি

সিলেট প্রতিনিধি: বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় রাষ্ট্রদূত সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করেন এবং সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। সিসিক প্রশাসক রাষ্ট্রদূতকে ফুল দিয়ে স্বাগত জানান এবং সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রম, নাগরিকসেবা ও নগর উন্নয়নের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিত করেন।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে তিনি নগর ভবনে সিসিক প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন। 

সৌজন্য সাক্ষাৎকালে সিসিক এবং মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিসিকের পক্ষে উপস্থিত ছিলেন— মোহাম্মদ রেজাই রাফিন সরকার, মো. আশিক নূর, মো. আলী আকবর, বিশ্বজিত দেব, ডা. মো. জাহিদুল ইসলাম, মোহাম্মদ শফিকুল ইসলাম, লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, রজি উদ্দিন খান, লে. কর্নেল (অব.) মোহাম্মদ উল্লাহ, জয়দেব বিশ্বাস এবং নেহার রঞ্জন পুরকায়স্থ। অন্যদিকে মার্কিন রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন— এরিক গিলান, মনিকা এল. সাই, রিচার্ড ব্রুনার এবং ফিরোজ আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা।

বৈঠক শেষে সিসিক প্রশাসকের পক্ষ থেকে মার্কিন রাষ্ট্রদূতের হাতে সিলেটের ঐতিহ্যবাহী চা-পাতার রেপ্লিকা এবং বিখ্যাত চা উপহার হিসেবে তুলে দেওয়া হয়। এ সময় রাষ্ট্রদূতের জন্য ঐতিহ্যবাহী সাত রঙের চা প্রস্তুত ও পরিবেশন করেন এর কারিগর। পরে কিনব্রিজ ও আলী আমজদের ঘড়িঘর প্রাঙ্গণে মিউজিক্যাল পারফর্মেন্সের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা মার্কিন রাষ্ট্রদূত এবং সিসিক প্রশাসক উপস্থিত থেকে উপভোগ করেন।

—জা. অর্থনীতি/এলএটি