লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায় পারিবারিক বিরোধের জেরে দাদাকে গুলি করে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি আশিক (২৩)-কে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। সোমবার (১৩ জুলাই) রাতে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে যৌথ অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুরের বশিকপুর এলাকার নিজ বাড়ি থেকে অপরাধে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-১১। গ্রেপ্তার আশিক চন্দ্রগঞ্জ উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের ইসমাইল হোসেন ফারুকের ছেলে।
র্যাব জানায়, মামলার ভিকটিম নজরুল পাটোয়ারী সম্পর্কে আসামির দাদা এবং তিনি আশিকের বাবার শিক্ষক ছিলেন। গত ৪ জুলাই আশিকের বাবা-মায়ের মধ্যে পারিবারিক মনোমালিন্য দূর করতে শিক্ষক নজরুল পাটোয়ারীকে বাড়িতে ডেকে আনা হয়। এতে ক্ষিপ্ত হয়ে আশিকের মা আয়েশা বেগম বিষয়টি তার ছেলে আশিককে জানান। এরই জেরে ৪ জুলাই বিকেলে চন্দ্রগঞ্জের বশিকপুর ইউপির রশিদপুর গ্রামের জরিবাড়ীর সামনে শিক্ষক নজরুল পাটোয়ারীকে একা পেয়ে চড়াও হয় আশিক। পারিবারিক বিষয়ে কেন নাক গলিয়েছেন— এই অভিযোগে আশিক তার ব্যাগ থেকে অস্ত্র বের করে হত্যার উদ্দেশ্যে নজরুল পাটোয়ারীর বুক লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার কনুইয়ের নিচে লাগলে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। এই ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়।
র্যাব-১১ এর কোম্পানী কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু জানান, মামলা দায়েরের পর থেকেই র্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। র্যাব-১০ ও ১১ এর যৌথ দল ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে আশিককে গ্রেপ্তার করে। পরে ১৪ জুলাই মঙ্গলবার ভোররাত সাড়ে ১২টার দিকে তাকে নিয়ে লক্ষ্মীপুরের রশিদপুর গ্রামের নিজ বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় আসামির পাকা ঘরের জানালার সানসেটের ওপর লুকানো অবস্থা থেকে ওই অস্ত্রটি উদ্ধার করতে সক্ষম হয় আভিযানিক দল।
র্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ঢাকার যাত্রাবাড়ী থানায় এবং উদ্ধারকৃত অস্ত্রটি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
—জা. অর্থনীতি/এলএটি