গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে মাদক কারবার নিয়ে বিরোধের জেরে নুরুল ইসলাম নামে এক যুবককে বাসা থেকে ডেকে নিয়ে দুই পায়ের রগ কেটে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে এ ঘটনায় জড়িত সন্দেহে জিসান নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে টঙ্গীর গোপালপুরের ভাড়া বাসা থেকে স্থানীয়ভাবে মাদক কারবারি হিসেবে পরিচিত বাবু খানসহ কয়েকজন যুবক নুরুল ইসলামকে ডেকে নিয়ে যায়। পরে তাকে পার্শ্ববর্তী মিরাশপাড়া নদীবন্দর এলাকায় নিয়ে ধারালো অস্ত্র দিয়ে দুই পায়ের রগ কেটে এবং এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়।
পরে রক্তাক্ত অবস্থায় নুরুল ইসলামকে একটি অটোরিকশায় তুলে দিয়ে চলে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। হাত ও পায়ের কয়েকটি স্থানেও ক্ষত পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এ ঘটনায় জড়িত সন্দেহে জিসান নামে এক যুবককে রাতেই আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
—জা. অর্থনীতি/এলএটি