বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজের দুদিন পর খাল থেকে বস্তাবন্দি অবস্থায় মো. ইসমাইল (৬) নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। পরিবারের দাবি, মোবাইল ফোন কেনাবেচা নিয়ে পূর্বশত্রুতার জেরে বাবাকে হুমকি দেওয়ার পরদিনই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মো. রোকন নামে স্থানীয় এক যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বোরহানউদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া সংলগ্ন খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশু ইসমাইল বোরহানউদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আকবর হোসেনের ছেলে। আটককৃত যুবক মো. রোকন একই এলাকার মো. নান্নুর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর সকালে নিজ বাসা থেকে বের হয়ে পাশের হাওলাদার মার্কেট এলাকার একটি দোকানের উদ্দেশে যায় ইসমাইল। এরপর থেকে শিশুটির আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে টানা দুই দিন খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। আজ মঙ্গলবার সকালে উক্ত খালের পানিতে ভাসমান একটি প্লাস্টিকের বস্তা থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে থাকলে স্থানীয়রা সন্দেহবশত পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে বস্তাটি উদ্ধার করে মুখ খুললে নিখোঁজ শিশু ইসমাইলের লাশ দেখতে পায়।
নিহত শিশুর চাচা মো. সৈকত ইসলাম বাবু অভিযোগ করে বলেন, "ইসমাইলের বাবার সাথে একই এলাকার রোকনের একটি মোবাইল কেনাবেচাকে কেন্দ্র করে কদিন আগে বাগ্বিতণ্ডা হয়। ইসমাইল নিখোঁজ হওয়ার দুদিন আগে রোকন সরাসরি তার বাবাকে হুমকি দিয়ে বলেছিল— ‘তোকে আমি এমন করব, যেন সারাজীবন কাঁদবি।’ এর একদিন পরই আমার ভাতিজা রহস্যজনকভাবে নিখোঁজ হয়।" অভিযুক্তের দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি।
বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সাহা জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর মূল কারণ নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে সন্দেহভাজন যুবক রোকনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় হেফাজতে নেওয়া হয়েছে। পুরো ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে পুলিশ। স্বজনদের লিখিত মামলার ভিত্তিতে আইনগত পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
—জা. অর্থনীতি/এলএটি