রইদ সিনেমায় আলো ছড়ালেন নজরুল বিশ্ববিদ্যালয়ের রিয়াদ
ছবি: জাতীয় অর্থনীতি

নাজমুল হুদা, নজরুল বিশ্ববিদ্যালয়: সম্প্রতি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জনপ্রিয় নির্মাতা মেজবাউর রহমান সুমন পরিচালিত আলোচিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 'রইদ'।

সিনেমাটি মুক্তির পর থেকেই এর গভীর জীবনবোধ, দুর্দান্ত নির্মাণশৈলী এবং অভিনয়শিল্পীদের অনবদ্য পারফরম্যান্সের কারণে দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বহুল আলোচিত এই  সিনেমায় 'পান্না' নামক একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়াচ্ছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসহাবুল ইয়ামিন রিয়াদ।

বড়পর্দায় অভিষেক চলচ্চিত্রে সাবলীল অভিনয়ে আলো ছড়িয়েছেন তরুণ এই অভিনেতা। রইদে মূলত মানুষের সম্পর্কের চিরন্তন এক মনস্তাত্ত্বিক লোকপুরাণ আখ্যানকে গ্রামীণ আবহে পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে। এমন একটি জটিল ও রূপকধর্মী গল্পে মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষির মতো গুণী অভিনয়শিল্পীদের পাশাপাশি রিয়াদের সাবলীল ও শক্তিশালী অভিনয় দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করেছে। সিনেমাটি দেখে  সাধারণ দর্শক ও চলচ্চিত্র সমালোচকরা রিয়াদের 'পান্না' চরিত্রটির ভূয়সী প্রশংসা করছেন।

বড়পর্দায় এটিই রিয়াদের প্রথম কাজ হলেও অভিনয় জগতে তিনি একদম নতুন নন। এর আগে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়া তুমুল জনপ্রিয় ওয়েব সিরিজ 'শাটিকাপ'-এ 'জয়নাল' চরিত্রে দুর্দান্ত অভিনয় করে ওটিটি মাধ্যমে নিজের শক্তিশালী অবস্থানের জানান দিয়েছিলেন।

ওটিটি সিরিজের পাশাপাশি তিনি 'ধ্যাত' এবং 'চা গরম'-এর মতো বেশ কিছু প্রশংসিত ও শর্ট ফিল্ম ও নাটকেও নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন। পূর্বের সেই কাজের অভিজ্ঞতা ও অভিনয়শৈলীকে এবার তিনি আরও পরিপক্বভাবে মেলে ধরেছেন সুমনের 'রইদ' সিনেমায়।

নিজের এই অর্জন এবং বড়পর্দায় কাজের অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রিয়াদ বলেন, "কাজের অভিজ্ঞতা ছিল অসাধারণ, যা ভাষায় প্রকাশ করা কঠিন। এত বড় একটি কাজের সঙ্গে যুক্ত হতে পারাটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। চরিত্রটিকে ফুটিয়ে তুলতে দীর্ঘদিন সেই পরিবেশে থেকে জীবনযাপন করার চেষ্টা করেছি।

দর্শকরা সিনেমাটি দেখে নানা দৃষ্টিকোণ থেকে প্রতিক্রিয়া জানাচ্ছেন, বিভিন্ন অর্থ খুঁজে বের করছেন, প্রশংসা করছেন। একজন অভিনয়শিল্পী হিসেবে এটাই সবচেয়ে বড় স্বার্থকতা। বড়পর্দায় এটি আমার প্রথম কাজ, তাই এমন একটি প্রজেক্টের অংশ হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। সবচেয়ে ভালো লাগছে, মানুষ আমার চরিত্রটিকেও পছন্দ করছেন। দেশ ছাড়িয়ে বিদেশেও সিনেমাটি নিয়ে আলোচনা হচ্ছে, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন স্থানেও প্রদর্শিত হচ্ছে।"
 
এদিকে রিয়াদের এই সাফল্যে উৎসবের আমেজ বিরাজ করছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীসহ সাধারণ শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছেন।

তাদের মতে, রিয়াদ নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে বড়পর্দায় শুধু নিজের জাত চেনাননি, বরং বিশ্ববিদ্যালয়ের নামও উজ্জ্বল করেছেন।
 
উল্লেখ্য, বঙ্গ বিডি ও ফেসকার্ড প্রোডাকশনের ব্যানারে নির্মিত চলচ্চিত্র 'রইদ' দেশের প্রেক্ষাগৃহে সাফল্যের পর এবার বিশ্বমঞ্চেও দারুণ প্রশংসা কুড়াচ্ছে।

এর আগে চলচ্চিত্রটি বিশ্ববিখ্যাত ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রটারডামের সম্মানজনক 'টাইগার কমপিটিশন' বিভাগের জন্য আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়ে বিশ্বমঞ্চে সমাদৃত হয়েছিল।

—জা. অর্থনীতি/এনজে