জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। হল শাখা ছাত্রদলের সভাপতি মেহেদি হাসান ইমনের সভাপতিত্বে অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন ছাত্রনেতারা।
বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় হল ডাইনিংয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বাঁধন নামে এক নবীন শিক্ষার্থী বলেন, “আগে শুনতাম ক্যাম্পাসে গণরুম ও গেস্টরুম কালচারের মাধ্যমে মানবেতর জীবন অতিবাহিত করতে হতো। কিন্তু এখন আমরা তেমনটা দেখছি না। শুরুতেই হলে সিট পেয়েছি এবং সিনিয়ররা অত্যন্ত সহযোগিতাপূর্ণ আচরণ করছেন।” ৫৫তম ব্যাচের আবাসিক শিক্ষার্থী মাহফুজুর রহমানও এমন আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন।
জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য আতিকুজ্জামান বলেন, “একসময় ছাত্রলীগ শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে দিয়ে ক্যাম্পাসে ভয় ও সহিংসতার সংস্কৃতি প্রতিষ্ঠা করেছিল। বিপরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছে কলম ও ফুল—শিক্ষা, মূল্যবোধ ও ইতিবাচক রাজনীতির প্রতীক হিসেবে।” হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল ফিসা হযরত জিসান নবীনদের অভিনন্দন জানিয়ে শিক্ষাজীবনে তাদের সাফল্য কামনা করেন।
সভাপতির বক্তব্যে হল ছাত্রদলের সভাপতি মেহেদি হাসান ইমন বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর যাত্রা শুরু করা এই নতুন হলে শিক্ষার্থীদের অনেক প্রত্যাশা রয়েছে এবং আমরা তা পূরণে নিরলস কাজ করছি। বিশ্ববিদ্যালয় জীবনে যেকোনো সমস্যায় ছাত্রদল ও সিনিয়ররা সবসময় পাশে থাকবে।” রাজনৈতিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, অতীতে বিশ্ববিদ্যালয়গুলোতে যে গণরুম ও গেস্টরুম সংস্কৃতি ছিল, তা আর কখনো ফিরে আসতে দেওয়া হবে না। শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করাই ছাত্রদলের লক্ষ্য।
—জা. অর্থনীতি/এলএটি