ইবিতে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন শীর্ষক সভা
ছবি: জাতীয় অর্থনীতি

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মতো ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন-২০২৬’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৩ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ‘শিক্ষা-শিল্পের ঐকতান: কর্মসংস্থানের সমাধান’ প্রতিপাদ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী এবং স্বাগত বক্ততা হিসেবে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান উপস্থিত ছিলেন।

আলোচনায় উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা মেটাতে শিক্ষার্থীদের বহুভাষিক দক্ষতা, প্রযুক্তিগত শিক্ষা ও গবেষণার ওপর জোর দিতে হবে। স্টার্টআপ খাতে ৫০ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের পাশাপাশি মেধাবীদের জন্য বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হচ্ছে।

সভায় উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ডিসিপ্লিনের পাঠ্যক্রমে তিন ক্রেডিটের ১০০ নম্বরের একটি করে শিল্পসংশ্লিষ্ট কোর্স অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে একাডেমিক কাউন্সিল। এর মাধ্যমে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

উল্লেখ্য, অনুষ্ঠানে স্কয়ার, প্রাণ-আরএফএল, নেসলে, মেঘনা গ্রুপ, বাংলালিংক, আকিজ রিসোর্সসহ ২৭টি দেশি-বিদেশি শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।  

—জা. অর্থনীতি/এলএটি