আর কি কি করলে মরা চেলা নদীতে ড্রেজিং বন্ধ হবে?
ছবি: জাতীয় অর্থনীতি

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার সীমান্তসংলগ্ন মরা চেলা নদীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় এলাকাবাসী। সমাবেশ শেষে বিক্ষুব্ধ জনতা ও মাদ্রাসা শিক্ষার্থীরা নদীতে গিয়ে বেশ কয়েকটি অবৈধ ড্রেজার ও বালু বহনের নৌকা ভাঙচুর করেন।

রোববার (৪ অক্টোবর) দুপুরে দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের সোনাপুর গ্রামে মরা চেলা নদীর তীরে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পূর্ব সোনাপুর হুসাইনিয়া দারুল উলুম মাদরাসা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নদী তীরে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, মাসজুড়ে নদীটিতে শতাধিক ড্রেজার বসিয়ে দিন-রাত বালু উত্তোলন করা হলেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। এতে নদী তীরবর্তী কলাবাগান ও সোনাপুরসহ প্রায় ১০টি গ্রাম, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ও স্থানীয় প্রাচীন কবরস্থান নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে।

সমাবেশে বক্তব্য রাখেন পূর্ব সোনাপুর হুসাইনিয়া দারুল উলুম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবু তাহের, শাহ আরফিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আউয়াল, শিক্ষক মুজিবুর রহমান ও ব্যবসায়ী আব্দুল মান্নানসহ অনেকে।

বক্তারা বলেন, স্থানীয় পুলিশ ও প্রশাসনকে বারবার জানানো হলেও কোনো কার্যকর আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। প্রভাবশালী সিন্ডিকেটের মদদে এই তান্ডব চলায় বাধ্য হয়ে গ্রামবাসী নিজের ঘরবাড়ি ও সম্পদ রক্ষায় আন্দোলনে নেমেছে। ক্ষুব্ধ এলাকাবাসী পরিবেশ রক্ষায় দ্রুত অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপের জোর দাবি জানান।

উল্লেখ্য, ‘জাতীয় অর্থনীতি’তে মরা চেলা নদীতে গত ৪৮ ঘণ্টায় ২০ কোটি টাকার বালু লুটের বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর এই আন্দোলনের ডাক দেয় ক্ষতিগ্রস্ত ১০ গ্রামের মানুষ।

—জা. অর্থনীতি/এলএটি