মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি বসতবাড়িতে আকস্মিক বিকট শব্দে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বসতঘরের টিনের চাল উড়ে যায় এবং অন্তত ছয়জন আহত হয়েছেন। খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ একজনকে আটক করেছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ইতালি প্রবাসী ও স্থানীয় যুবদল নেতা রাজ্জাক মোল্লার পরিত্যক্ত বাড়িতে একদল দুষ্কৃতকারী গোপনে ককটেল ও বোমা তৈরির কাজ করছিল। বোমা প্রস্তুতের একপর্যায়ে অসাবধানতাবশত বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তীব্র বিস্ফোরণে কক্ষটির টিনের চালের একটি বড় অংশ উড়ে যায় এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণে ঘটনাস্থলে থাকা অন্তত ৬ জন মারাত্মক আহত হন। আহতদের মধ্যে প্রাথমিক সনাক্ত হওয়া কারিগররা হলেন সিদ্দিক, আহাদ গাজী, নয়ন গাজী ও রাব্বী আকন। অপর আহত দুজনের পরিচয় নিশ্চিত করা যায়নি। বিস্ফোরণের পরপরই আহতরা আত্মগোপনে চলে যাওয়ায় তাদের চিকিৎসার সঠিক অবস্থান জানা যায়নি।
ঘটনার পরপরই মাদারীপুর সদর থানা-পুলিশের একটি বিশেষ টিম এলাকাটি ঘিরে ফেলে এবং মফিজ গাজীর ছেলে সালাউদ্দিন গাজীকে আটক করে। স্থানীয়দের দাবি, পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাইরে থেকে কারিগর এনে এই বিস্ফোরক তৈরি করা হচ্ছিল। অভিযুক্ত রাজ্জাক মোল্লা এলাকায় না থাকায় এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, "বিস্ফোরণের খবর পাওয়ামাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় জড়িত ও মদদদাতাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"
—জা. অর্থনীতি/এলএটি