নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম থেকে কালীগঞ্জ পর্যন্ত ১৬ কিলোমিটার সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণের কাজ চলছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে ২৪ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৭১ সালের স্বাধীনতার পর এই প্রথম সড়কটি প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এলজিইডি সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে প্রকল্পটি হাতে নেওয়া হয়। কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড।
সড়কটি প্রশস্ত ও উন্নত হলে স্থানীয় মানুষের যাতায়াতের দুর্ভোগ কমার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন এবং ব্যবসা-বাণিজ্যে গতি আসবে বলে আশা করছেন এলাকাবাসী। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সরু সড়ক দিয়ে চলাচলে তাদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। কৃষিপ্ৰধান এ অঞ্চলে উৎপাদিত ফসল বাজারজাত করা, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চৌগ্রাম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোজাফফর বলেন, স্বাধীনতার পর এই প্রথম সড়কটি প্রশস্ত হচ্ছে। কাজটি শেষ হলে মানুষের যাতায়াত সহজ হবে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।
সিংড়া উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান জানান, সড়কটির নির্মাণকাজে ‘ওয়েট মিক্স ম্যাকাডাম’ (ডব্লিউএমএম) পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। নির্দিষ্ট অনুপাতে খোয়া, বালি ও পানি মিশিয়ে মেশিনের সাহায্যে চাপ দিয়ে শক্ত করার মাধ্যমে কাজের কারিগরি মান বজায় রাখা হচ্ছে, যাতে সড়কটি টেকসই হয়।
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার মেহেদী হাসান জানান, অনুমোদিত নকশা ও কারিগরি নির্দেশনা মেনে গুণগত মান নিশ্চিত করে কাজ পরিচালনা করা হচ্ছে।
নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম আনু বলেন, সড়কটির উন্নয়ন কাজ শেষ হলে সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এবং আঞ্চলিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
—জা. অর্থনীতি/এলএটি