ছেলেকে হারানোর শোক, ভোটে রেকর্ড জয় হাসিরানি রথের

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন বিজেপির প্রার্থী হাসিরানি রথ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাবেক ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথের মা হাসিরানি কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে ১ লাখ ২২ হাজার ৭৫৩ ভোটে হারিয়েছেন। এই জয়ের মধ্য দিয়ে নন্দীগ্রামে আগের নির্বাচনী ব্যবধানের রেকর্ডও ছাড়িয়ে গেছেন তিনি।

শুক্রবার (৯ অক্টোবর) ভোট গণনা শেষে ঘোষিত ফল অনুযায়ী, হাসিরানি রথ পেয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৪২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের মিলন প্রধান পেয়েছেন ৪১ হাজার ৬৭৪ ভোট। সিপিআই প্রার্থী শান্তি গোপাল গিরি পেয়েছেন ৫ হাজার ৭৭৯ ভোট। হাসিরানির প্রাপ্ত ভোট মোট ভোটের প্রায় ৭৬ শতাংশ।

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের পর তার মাকে প্রার্থী করে বিজেপি। চলতি বছরের ৬ মে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে আততায়ীর গুলিতে নিহত হন চন্দ্রনাথ। এর কয়েক মাসের মধ্যেই উপনির্বাচনে ছেলের পরিচিত রাজনৈতিক এলাকায় বড় জয় পেলেন হাসিরানি। ব্যক্তিগত শোকের মধ্যেও নির্বাচনী প্রচারে অংশ নেওয়া এই প্রার্থী জয়ের পর ছেলের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর-দুই আসনেই জয় পেয়েছিলেন শুভেন্দু অধিকারী। পরে ভবানীপুর আসনটি রেখে নন্দীগ্রাম ছেড়ে দেওয়ায় উপনির্বাচনের প্রয়োজন হয়। এই ভোটে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে সমর্থন জানিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শেষ পর্যন্ত বিজেপির জয় ঠেকানো যায়নি।

নন্দীগ্রামের ফলকে বিজেপি নেতৃত্ব নিজেদের রাজনৈতিক শক্তির প্রমাণ হিসেবে দেখছে। অন্যদিকে, এত বড় ব্যবধানে হার বিরোধী শিবিরের জন্য নতুন করে রাজনৈতিক হিসাব-নিকাশের প্রশ্ন সামনে এনেছে।

জা.অর্থনীতি/এসআই