কুমিল্লা প্রতিনিধি: চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধ, স্টেশন এলাকায় ধূমপান নিষিদ্ধকরণ এবং বিনা টিকিটে রেল ভ্রমণ প্রতিরোধে কুমিল্লায় জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি। রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে স্টেশন এলাকায় মানববন্ধন ও হ্যান্ডবিল বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল দশটায় কুমিল্লা রেলওয়ে স্টেশনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তারা বলেন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ কোনো দুষ্টুমি নয়, এটি মারাত্মক অপরাধ। পাথরের আঘাতে যাত্রীরা গুরুতর আহত হওয়ার পাশাপাশি ট্রেনের মূল্যবান সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়, যা যাত্রী নিরাপত্তার পাশাপাশি রেলওয়ের সম্পদের জন্য চরম হুমকি তৈরি করে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টার শেখ আনোয়ার হোসেন, বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির কুমিল্লা জেলা সভাপতি ফেরদৌস মাহমুদ মিঠু, জেলা সেক্রেটারি রকিবুল ইসলামসহ রেলওয়ে কর্মকর্তা, নিরাপত্তা বাহিনীর সদস্য ও স্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতারা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ট্রেন ও রেলপথকে নিরাপদ রাখতে দেশব্যাপী এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
—জা. অর্থনীতি/এলএটি